
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একজন করে নিবন্ধিত ডাক্তার থাকবে বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
রোববার (০১ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করে তিনি ওই মন্তব্য করেন।
নওশাদ জমির বলেন, “একজন ডাক্তার যদি আমাদের সবার সঙ্গে নিবন্ধিত থাকে তাহলে আমাদের চিকিৎসা সেবা পেতে অনেক সুবিধা হবে। আমরা সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নিতে এবং দেখা করতে পারব। সেই ডাক্তারের কাছে আমাদের রোগের তথ্য থাকবে। আমাদেরকে যদি ২/৩ বছর পর ডাক্তারের কাছে যেতে হয় তাহলে তিনি আমাদের সব রোগের তথ্য দেখতে পারবেন এবং সঠিক চিকিৎসা দিতে পারবেন। আমাদের প্রত্যেকের একটা চিকিৎসা কার্ড থাকবে। সেই কার্ড অনুযায়ী কম্পিউটারের সার্চ দিয়ে ডাক্তার দেখতে পারবে আমাদের পূর্বে কি রোগ ছিল। সেই অনুযায়ী ডাক্তার আমাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারবে”।
তিনি বলেন, “এর আগে যেমন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাচ্চাদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিল ঠিক তেমনি আমরা এই কার্ডের মাধ্যমে ফ্রি চিকিৎসা প্রদান করতে পারব। এই কার্ডের মাধ্যমে মানুষ তাদের সুচিকিৎসা পাবে। যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারে না তারা ফ্রিতে চিকিৎসা পাবেন। অর্থাৎ আমরা ‘বিনা চিকিৎসায় মৃত্যু না’ এই স্লোগানকে নিয়ে কাজ করতে চাই। যারা পঞ্চগড়-১ আসনের মানুষ রয়েছেন আমরা চাইবো কেউ যেন অর্থাভাবে বা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি”।
নওশাদ জমির আরো বলেন, “আমাদের সমাজে যারা বেকার যুবক রয়েছে তাদেরকে কারিগরি এবং ভাষা শিক্ষার মাধ্যমে জনশক্তিতে রুপান্তরিত করব। বেকার সমস্যার সমাধান করার জন্য আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে কাজ করুক। দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা তৈরি হোক। যদি কেউ কোন দেশের ভাষায় পারদর্শী না হয় তাহলে বিদেশে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হয়। পৃথিবীর যেকোনো দেশেই তারা যাক না কেন ভাষাটা যদি জানা থাকে তাহলে কাজ করতে সুবিধা হবে। আর ভাষা যদি না জানা থাকে তাহলে অনেক সমস্যা হয়। তাই আমরা চেষ্টা করব বেকারত্ব দূর করার জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে বিদেশি ভাষায় দক্ষ করতে। যারা যে দেশের ভাষা আয়ত্ত করতে পারবে তাকে সেই দেশে পাঠিয়ে দেশ রেমিটেন্স আয় করবে। আমরা চেষ্টা করব পঞ্চগড়-১ আসনের প্রত্যেকটা বাড়ি থেকে একটি করে ছেলে মেয়ে বিদেশে পাঠিয়ে বেকারত্ব দূর করে নিজের এবং সমাজের যেন পরিবর্তন ঘটাতে পারে”।
এসময় আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান আব্দার,। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।