১২

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। জেলাজুড়ে ৩৯টি কেন্দ্রে এবছর মোট ২৩ হাজার ২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। এছাড়া ৮টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ২২৫ জন এবং ৮টি কেন্দ্রে কারিগরি (ভোকেশনাল) শাখায় পরীক্ষা দেবে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, “সকলের সহযোগিতায় এবারের পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”