Home » নির্বাচনী হলফনামা: সারজিসের নেই গাড়ি-বাড়ি

নির্বাচনী হলফনামা: সারজিসের নেই গাড়ি-বাড়ি

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে অংশ নিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।

মনোনয়নপত্রের সাথে দাখিল করা হলফনামায় আয়সহ অস্থাবর ও স্থাবর সম্পদের তথ্য উল্লেখ করলেও, উল্লেখ করেননি বাড়ি ও গাড়ির বিষয়। এর পর থেকে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা প্রশ্ন সহ আলোচনা ও মন্তব্য। তবে সারজিস আলম দাবি করেছেন, হলফনামায় তিনি সম্পূর্ণ প্রকৃত তথ্যই প্রদান করেছেন।

সম্প্রতি তিনি গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ তথ্য জানান। সারজিস দাবি করে বলেন, তিনি যে বাড়িতে বসবাস করেন, সেটি তার বাবার তৈরি বাড়ি এবং তিনি যে গাড়িতে চলাচল করেন, সেটি ভাড়া করা। এসব তার ব্যক্তিগত মালিকানাধীন নয়, তাই হলফনামায় তা সম্পদ হিসেবে দেখানোর প্রশ্ন আসে না। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোষ্ট নিয়ে বলেন- যখন ফটোকার্ডগুলো তৈরি করা হয়, তখন সেগুলো এমনভাবে করা হয় যেন বেশি রিচ পায় এবং অনেক বেশি পিআর পাওয়া যায়- এই চিন্তা করেই করা হয়।

হলফনামায় প্রদত্ত আয় ও সম্পদের তথ্য প্রসঙ্গে সারজিস বলেন, সেখানে বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ও যুক্ত হয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, তারা রাজনৈতিকভাবে নতুন এবং তাদের ব্যক্তিগতভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়। তার কাছে বর্তমানে যদি মোট ৩ লাখ টাকা থাকে, সেটাই তিনি হলফনামায় উল্লেখ করেছেন। পাশাপাশি তার রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সারজিস আলমের বয়স ২৭ বছর এবং তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তার নামে একটি তদন্তাধীন মামলা রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে তিনি নগদ অর্থ হিসেবে উল্লেখ করেছেন ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমাকৃত অর্থ ১ লাখ টাকা- ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের অর্জনকালীন মূল্য দেড় লাখ টাকা হলেও বর্তমান মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে দানকৃত ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমির মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ সময়ে তার পরিশোধিত আয়করের পরিমাণ ৫২ হাজার ৫০০ টাকা।

You may also like