
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন স্থানে অপরাধ দমন, মাদক উদ্ধার এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২০ এপ্রিল ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সাদা রঙের মাইক্রোবাস তল্লাশি করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য প্রদীপ রায় (৩৮) ও তুহিন ইসলাম (৩০) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন নূর ইসলাম (৬০), আব্দুস সালাম (৫৮), খায়রুল ইসলাম (৪৫), বাবুল হোসেন (৫৪), ফারুক (৩০), আ. মান্নান (৪০), আরিফ (৩০) ও মমিন ইসলাম (৩৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির করে আসছিলেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ধারালো বড় ছুরি, কাঁচি, কাটার মেশিন, লোহার তৈরি বিভিন্ন যন্ত্রাংশ, রশি, টর্চলাইটসহ অন্যান্য উপকরণ। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান,অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্)মোঃ ফরহাদ হোসেন,সদর থানার ওসি রবিউল ইসলাম সহ জেলার গোয়েন্দা কর্মকর্তারা।