
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই জরিমানা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকালে আটোয়ারী উপজেলার রসেয়া দিনমারা বানিয়াপাড়া নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন ও পরিবহনের সত্যতা পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থেকে মহেন্দ্র গাড়ি রেখে তারা পালিয়ে যায়। পরে জানা যায় যে, ওই গাড়িগুলো উপজেলার দিনমারা গ্রামের বাসুদেব ও ছোটদাপ গ্রামের রবিউল ইসলামের। তারাই দীর্ঘদিন ধরে এভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল৷ পরে বালু উত্তোলনে ব্যবহৃত মহেন্দ্র গাড়ির ব্যাটারি জব্দ করে নিয়ে আসে প্রশাসন। পরে তাদেরকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীর ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন আরও জানায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।