আটোয়ারি প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পৃথক দুই মাদক বিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটোয়ারী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধানগর ইউনিয়নের রবিনমার্কেট বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক কেনাবেচার সময় শাহীন ইসলাম (২৬) নামের মাদক কারবারিকে হাতেনাতে ১৪ পিছ ইয়াবাসহ আটক করা হয়। শাহীন পার্শ্ববর্তী রুহিয়া থানার নামাজপাড়ার উত্তর বটিনা গ্রামের মৃত জামাল হোসেন ওরফে দুদু'র ছেলে।
একইদিন সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজার থেকে মাদক সেবন কালে আরো তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ছোটদাপ গ্রামের সইম উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৩০), একই এলাকার আজগর আলীর ছেলে হাসান (২০) এবং সুখাতি গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (২৬)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, “ বৃহস্পতিবার পৃথক দুই মাদক বিরোধী অভিযানে মোট ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।”
স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, আটোয়ারী উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।