স্টাফ রিপোর্টার : একটা মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়র রুহিয়া উপজেলা বাস্তবায়ন করার গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরআগে মির্জা ফখরুলকে রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণ গণসংবর্ধনা প্রদান করেন।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার আবেদন- এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে তারজন্যে আপনাদেরকে সতর্ক ও সজাগ থাকার আহবান করছি। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়বার কাজ শুরু করছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।
তিনি বলেন, তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি কথা, সেই কাজগুলো আমরা শুরু করেছি। অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করার জন্য আমরা ইমিধ্যে কাজগুলো শুরু করেছি। আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই তিন মাসের মধ্যে আমরা কাজ করবার চেষ্টা করে যাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, বন্ধুগণ আরেকটা ভালো খবর আছে আপনারা সবাই দেখেছেন তারেক রহমানের নেতৃত্বে গতকালকের জাতিসংঘের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটা একটা বিরল সংবাদ, বাংলাদেশের মত একটা ছোট দেশ আজকে জাতিসংঘে সভাপতিত্ব করবে এবং আগামী এক বছরের জন্য।
জনগণকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব শ্রেণির মানুষকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সমর্থণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি।
নারী সমাজের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নারীরা এমনিতেই সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বড়মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো একে একে আমরা পূরণ করার চেষ্টা করছি।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।