বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের লোক পরিচয়ে রাতে একটি বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এম এ তাফসীর হাসানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন অভিযুক্তদের আটক করে। পরে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি নম্বর–২, তারিখ ০৪-০১-২৬। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলার বারেয়া এলাকায় অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে একটি বসতবাড়িতে প্রবেশ করে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এ সময় তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মনজুরুল ইসলাম নামে একজন অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে। পরে অপর অভিযুক্ত এম এ তাফসীর হাসান ঘটনাস্থলে আসলে তাকেও আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং আলামতসহ থানায় নিয়ে যায়।
এদিকে অভিযুক্ত এম এ তাফসীর হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ওঠেছে। এ বিষয়ে দিনাজপুর জেলা এনসিপি আহ্বায়ক মুক্তাদির হোসেন বলেন,এম এ তাফসীর হাসান বর্তমানে জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব। তাকে গ্রেপ্তার করা হয়েছে—এটি আমি শুনেছি। যদি তাকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়, তাহলে দল তার পাশে থাকবে। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, মামলার জি আর নম্বর–২, তারিখ–০৪ জানুয়ারি ২০২৬, সময়–০০:৩৫ মিনিট। অভিযোগ দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/১৭০/১৭১/৩২৩/৩০৭/৩৮৪/৩৮৫/৩৮৭/১১৪/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।