
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘নারীবিদ্বেষী পোস্ট’ প্রকাশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কর্মজীবী নারীরা।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয়।
চৌরাস্তায় অবস্থানকালে কর্মজীবী নারীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারীদের নিয়ে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য নারীদের মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এবং সমাজে নেতিবাচক বার্তা দেয়।তারা বলেন, এ ধরনের ঘটনায় নারীদের মর্যাদা ক্ষুণ্ন হয় এবং কর্মজীবী নারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালনের পর বিক্ষোভকারীরা পুনরায় মিছিল নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফিরে যান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।