৩

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু, প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম।
শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা তাঁদের বক্তব্যে মানবদেহে জিংককের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত সকলের প্রতি জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: জিন্নাতুন নেছা, সিকদারহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, এলাকার বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ, বোর্ড হাট জামে মসজিদের ইমাম মোঃ আশরাফ আলী এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা এবং মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।