
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সোমবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।
মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে নিরাপদ ফসল উৎপাদন এবং বাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের বিভিন্ন সফল কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি, রাস্তার ধার ও পুকুর পাড়ে সবজি চাষাবাদ এবং মডেল কৃষি বাড়ি স্থাপনের কৌশল। এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের জন্য ছাদ বাগান এবং মাশরুম চাষের বিশেষ প্রদর্শনী রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।