১৩

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, “আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতা-কর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, দখলদারিত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ দাম্ভিকতা ও সীমালঙ্ঘন পছন্দ করেন না। তাই সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের বিপদ-আপদে সহযোগিতা করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করতে চান, তারা আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করুন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দেখেশুনে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন, যারা জনগণের কল্যাণে কাজ করবে।”
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে বিভেদ সৃষ্টি দেশের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।