Home » পঞ্চগড়ে পাল্টাপাল্টি অভিযোগে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১৩

পঞ্চগড়ে পাল্টাপাল্টি অভিযোগে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ১৩

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পাল্টাপাল্টি অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তার মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন অবস্থান থাকলেও, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গভির রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনায় উভয় পক্ষের সাথে কথা বললে বিএনপি ও জামায়াত- এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বিএনপির দাবি তাদের প্রার্থীর ব্যানার ছেঁড়ার প্রতিবাদ করায় তাদের উপর হামলা করে জামায়াত- এনসিপির নেতাকর্মীরা। অন্যদিকে জামায়াত এনসিপির দাবি রাস্তায় গাছের গুড়ি ফেলে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে।

মারামারিতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ ৫ জন আহত হয়েছেন। জামায়াত-এনসিপির ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। তাদের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ করে নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাতেই ঘটনাস্থলে গিয়ে নিজের ফেইসবুকে লাইভে যুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করে শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেন, বিএনপি সন্ত্রাসীরা আমার ৮ জন নেতাকর্মী আহত করেছে। একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা ভেঙে দিয়েছে তারা। তারা মানুষকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। আমরা বলে দিতে চাই নওশাদ জমির ও তার লাবু, দুলাল গং যদি আমাদের একজন ভোটারকেউ ভয় দেখাতে চায় বাধা দেয় আমরা তার শেষ দেখে ছাড়বো।

এদিকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার নওফল জমির বলেন, আমাদের ব্যানার ছিড়ে ফেলে জামায়াত- এনসিপি নেতাকর্মীরা। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে তারা। তাদের হামলায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবহিত করেছি। আমরা আশা করি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি কোন পক্ষ। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

You may also like