Home » স্বাধীনতাবিরোধী জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না: মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধী জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না: মির্জা ফখরুল

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : আমি একজন মুক্তিযোদ্ধা, আর যুদ্ধের সময় জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধীতা করেছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের আখানগর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা দল আছে জামায়াতে ইসলাম তারা অনেক কথা বলতেছে তাইনা, এমন কথা বলে অনেক কিছু করবে, দেশের সবকিছু করবে।

তিনি বলেন, আমার কথা খুব পরিস্কার – আমি একজন মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করছি। ঐ সময়ে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছে, যারা বাংলাদেশ চায়নি, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না। সেজন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা দিতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

মির্জা ফখরুল বলেন, আমার হিন্দু ভাই-বোনের অনেকে বলছে আমাদের সুরক্ষা, আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারি এই রাষ্ট্র আপনাদেরকে নির্বাচনের ব্যাপারে সব ধরনের সুরক্ষা দিবে। আমরা দিবো, আর আমরা আপনাদের পাশে থাকবো।

আমি নিজে আপনাদের বলছি মির্জা আলমগীর – আপনাদের গায়ে কেউ একটাও ফুলের টোকা দিতে পারবে না ইনশাআল্লাহ।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর কিন্তু নির্বাচন করতে পারিনি। আমরা সেজন্য আন্দোলন-সংগ্রাম করেছি; আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই ১২ তারিখের ভোটটা নিয়ে এসেছি। এই ভোটে আমাদের একটা সুবিধা আছে এখানে কোন জবরদস্তি হবেনা, সবাই নিজের মত করে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। আর এই ভোটকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সব শক্তি থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও থাকবে ভোটটাকে পাহাড়া দেওয়ার জন্য।

তিনি বলেন, এজন্য আজকে আসেন আমরা হিন্দু-মুসলমান সবাই একজোট হয়ে আগামী দিনের জন্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং আমার হিন্দু-মুসলমান ভাই-বোনদের উন্নয়নের জন্য একজোট হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে কাজ করার সুযোগ করে দেই।

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য দেন।

You may also like