Home » ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরির্দশন করেন তিনি।

এসময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাওকে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ পুতুল ও খেলনা গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, বিজ্ঞান গ্যালারি ও বৃক্ষ গ্যালারি  ঘুরে দেখেন।

এসময় গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, গ্রামীণ জনজীবনের উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য নির্ভর সংগ্রহ সম্পর্কে তাঁরা আগ্রহের সঙ্গে অবহিত হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাওকে।

পরে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন  বলেন, ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি। এখানে ঐতিহ্যবাহী সকালের নাস্তা করেছি, এমন কিছু মিষ্টি খেয়েছি যা আগে কখনও খাইনি। এখানকার ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ ঘুরে দেখেছি। এখানে সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করার সুযোগ হয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের এই অঞ্চলে এটিই আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং বাংলাদেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।

তিনি বলেন, ভ্রমণের সময় আমি সাধারণত রাস্তার ধারের বিশেষ আকর্ষণীয় স্থানগুলো দেখতে পছন্দ করি, অর্থাৎ এমন সব অনন্য স্থান যা হয়তো অন্য কোনো ভাবে দেখা হতো না। সেই ধারাবাহিকতায়- গেল সোমবার আমি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সর্ববৃহৎ সূর্যপূরী আমগাছটি দেখার সুযোগ পেয়েছি। এছাড়া ঐ এলাকায় একটি বিশাল চা বাগানও ঘুরে দেখেছি।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তেঁতুলিয়া, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আমি এমন সব চমৎকার অভিজ্ঞতা পেয়েছি এবং নিশ্চিত যে সফরের বাকি সময়েও এমন অভিজ্ঞতা লাভ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ ফাইনান্স মো: আইনুল হক, হেড অব এইচআর মো: আবুল মনসুর সরকার প্রমূখ ।

You may also like