Home » সরকারি দপ্তরে নেই হাজিরা, কর্মকর্তা-কর্মচারীদের আসা-যাওয়া ইচ্ছেমতো!

সরকারি দপ্তরে নেই হাজিরা, কর্মকর্তা-কর্মচারীদের আসা-যাওয়া ইচ্ছেমতো!

by নিউজ ডেস্ক

আটোয়ারী প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত হাজিরা না থাকার অভিযোগ উঠেছে। নির্ধারিত কর্মঘণ্টা উপেক্ষা করে অনেক কর্মকর্তা-কর্মচারী ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করছেন বলে জানা গেছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন সাধারণ সেবাপ্রার্থীরা।

রোববার (০১ মার্চ) সকাল ৯টায় সরেজমিনে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখা যায়, সকাল ৯টা পাড় হয়ে গেলেও অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হননি। এছাড়াও সকাল ৯টায় অফিস শুরুর নিয়ম থাকলেও অনেক দপ্তরে বেলা বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায় না। কেউ কেউ দেরিতে এলেও হাজিরা খাতায় সময়মতো স্বাক্ষর করছেন, আবার কেউ অফিসে না এসেও হাজিরা দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় দপ্তরগুলো কার্যত অচল অবস্থায় থাকে।

এমন চিত্র দেখা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, মৎস্য অফিস, মহিলা বিষয়ক অফিস, খাদ্য অফিস, পরিসংখ্যান অফিস, সমবায় অফিস, যুব উন্নয়ন অফিস, সেটেলমেন্ট অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক সহ আরো কয়েকটি সরকারি দপ্তরে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় কাজ না করেই ফিরে যেতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শ্রম—সবকিছুর অপচয় হচ্ছে।

এক ভুক্তভোগী বলেন, “সরকারি কাজে ছুটি নিয়ে অফিসে আসি, কিন্তু কর্মকর্তা নেই। আবার বলছে পরে আসেন। এভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।”

অভিযোগ রয়েছে, তদারকির অভাবে এই অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিয়মিত মনিটরিং ও শৃঙ্খলা না থাকায় কিছু কর্মকর্তা-কর্মচারী দায়িত্বহীন আচরণ করছেন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জানান, “আমাদের অফিসের হলো সকাল ৯টা। সকাল ৯টায় সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে এটাই নিয়ম। যে সকল কর্মকর্তা-কর্মচারী কেন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে পারেননি সে বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। যদি উপর্যুক্ত জবাব দিতে তারা ব্যর্থ হয় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সচেতন নাগরিকদের দাবি, সরকারি সেবার মান উন্নয়নে দপ্তরগুলোতে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তা না হলে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে বলে মনে করছেন তারা।

You may also like