৮

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে পনেরোটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের রোড এলাকায় যুব সংসদের আয়োজনে সংবর্ধনাটি দেওয়া হয়।
যুব সংসদের আহবায়ক ও দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
মির্জা ফয়সল আমিন বলেন, আমরা খুব ভালো লাগছে, আজ আমি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। তোমরা আজ যারা সংবর্ধিত হচ্ছো তারা সুন্দর করে লেখাপড়া করবে। তোমাদের মানুষের মত মানুষ হিসেবে তৈরি হতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। একটা সময় আসবে তোমরা এই দেশ পরিচালনা করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইস্রাফিল শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আক্তারুজ্জামান সাবু।
এসময় যুব সংসদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে উপস্থিত অতিথিরা ঠাকুরগাঁও জেলার পনেরোটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও কলম প্রদান করেন।