Home » আটোয়ারী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন চার চিকিৎসক

আটোয়ারী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন চার চিকিৎসক

by নিউজ ডেস্ক

আটোয়ারী  প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ স্বাস্থ্য সেবায় গতি আনতে যোগ দিয়েছেন নতুন চারজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগা এই হাসপাতালে নতুন চিকিৎসক নিয়োগে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গত (বৃহস্পতিবার) ওই চার চিকিৎসক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এসময় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির সহ হাসপাতাল কর্তৃপক্ষ নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন। নবাগত চার চিকিৎসক হলেন, ডা. রাফসানা ফারমিন রিফা, ডা. মোঃ নাঈমুর রহমান নাঈম, ডা. শ্রীকান্ত বাসক ও ডা. শারমিন রহমান সুমনা।

এরমধ্যে ডা. রাফসানা ফারমিন রিফা ময়মনসিংহ মেডিকেল কলেজ, ডা. মোঃ নাঈমুর রহমান নাঈম বগুড়া মেডিকেল কলেজ, ডা. শ্রীকান্ত বাসক রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং ডা. শারমিন রহমান সুমনা রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) এ যোগদান করেছেন। ইতোমধ্যে তাঁরা নিয়মিতভাবে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগী দেখা শুরু করেছেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির জানান, আগে চিকিৎসক স্বল্পতার কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে সঠিক চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হতো। অনেক রোগীকেই জেলা সদর বা ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করতে হতো। নতুন চিকিৎসক যোগ দেওয়ায় এখন প্রাথমিক পর্যায়েই অনেক রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরো জানান, “নতুন চার চিকিৎসক যোগ দেওয়ায় হাসপাতালের সেবার মান আগের তুলনায় অনেকটাই উন্নত হবে। রোগীদের ভোগান্তি কমবে এবং চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সাথে তিনি আটোয়ারী উপজেলা বাসীর চিকিৎসা সেবার মান উন্নত ও সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা আর দোয়া কামনা করেছেন”।

এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা নতুন চিকিৎসক যোগদানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত হলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like