
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই তিনটি আসনের ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
সরেজমিনে দেখা যায়, প্রচার প্রচারণায় সময়কালে সংসদীয় তিনটি আসনের ২০জন প্রার্থী দিন-রাত সমানতালে নির্বাচনি গণসংযোগ, সভা, পথসভায় ব্যস্ত সময় পার করেছেন। এসময় জনগণের সামনে প্রার্থীরা নানা ধরনের উন্নয়নে প্রতিশ্রুতি দেন।
ভোটার সংখ্যা :-
জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে মোট ভোটার ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। এরমধ্যে পুরুষ ৬ লাখ ৭ হাজার ২২ জন ও নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন ও নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন।
ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ২৭৩ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩২৫ জন এবং ঠাকুরগাঁও-১ আসেন মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ৪৪ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৯৭ জন ও নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৪৫ জন।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা :-
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগে প্রস্তত হচ্ছে ৪১৭ টি ভোটকেন্দ্র, এরমধ্যে ঝুঁকিপুর্ণ কেন্দ্রের সংখ্যা ২০১ টি ।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫ টি কেন্দ্রের মধ্যে ৯২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের একাংশ) আসনে ১০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ, রাণীশংকৈল) আসনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তত জেলা প্রশাসন। নিরপেক্ষতা আর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্র গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজার এলাকার ভোটার নুরুল হক বলেন, বিগত সময়ে ভোট ঘিরে নানা সহিংসতা পরীলক্ষিত হয়েছে। আমরা আর পুনরাবৃত্তি চাইনা। আমরা চাই ভোট হোক আনন্দের, ভোট হোক উৎসবমুখর৷
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধ পরিকর৷ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট ভূমিকা পালনে তৎপর। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা।