
স্টাফ রিপোর্টার : কয়েকদিন ধরেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা নেই সূর্যের। সারাদিন বইছে হিমেল হাওয়া। ঠান্ডায় বিপাকে নিম্ম আয়ের মানুষেরা। এমনি কনকনে শীতে রাতের আঁধারে শীতার্তদের পাশে নিজেই কম্বল নিয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
মঙ্গলবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন শীতার্ত মানুষের বাসায় ও সড়কের বিভিন্ন স্থানে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এসময় শীতার্ত মানুষদের খাদ্য সামগ্রী দেন জেলা প্রশাসক।
হঠাৎ রাতে তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা শীতার্তরা।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জিয়াউর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা ওলিমা বেওয়া বলেন, অনেক মানুষের কাছে গিয়েছি কেউ আমাকে একটা শীতবস্ত্র দেয়নি। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমার বাসায় ঢুকে কম্বল দিয়েছে,খাবার দিয়েছে। এটা সত্যি অকল্পনীয়।
বালিয়া ইউনিয়নের বাসিন্দা জয়নাল,খালেক,রহিমা সহ বেশ কয়েকজন বলেন, প্রচুর ঠান্ডা থাকা যায়না। কার কাছে কম্বল চাবো কেউ তো দেয়না। আজ ডিসি স্যার আমাদের বাসায় এসে মোটা একটা শীতবস্ত্র দিয়েছেন। এটা জীবনের সব থেকে বড় পাওয়া। রাতে শান্তিতে ঘুমাতে পারব। কম্বলও দিছে আবার খাবারও দিয়েছে। আল্লাহ ডিসি স্যারের ভালো করুক।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন,গত কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়েছে ঠাকুরগাঁওয়ে। ইতিমধ্যে আমরা ত্রাণ মন্ত্রণালয় ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাওয়া শীতবস্ত্র গুলো আমরা বিতরণ করছি। যারা একান্তই পাওয়ার জন্য আমরা সেই অনুযায়ী খুজে বের করে শীতবস্ত্র গুলো দিচ্ছি। এই কার্যক্রম চলমান থাকবে।