Home » পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে গরু চোরাকারবারি আটক

পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে গরু চোরাকারবারি আটক

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে ফিরোজ কামাল (২৯) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন৷

এর আগে, শনিবার সকালে পঞ্চগড়ের জেলার সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত করে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

জানা গেছে,আটক ফিরোজ কামাল পঞ্চগড় সদর উপজেলার সালটিয়াপাড়া গ্রামের মোতাহারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এলাকায় শনিবার সকালে ঘাগড়া বিওপি ক্যাম্পের সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫২/এমপি থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া এলাকায় ফিরোজ কামাল নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি৷

You may also like