
ভূল্লী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন (৬০), মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন জানান তিনি ও তাঁর স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
সোমবার সকালে বেলাল হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”