Home » পঞ্চগড়ে সিজারে জন্ম নিল ৩ যমজ সন্তান , মা ও নবজাতকরা সুস্থ

পঞ্চগড়ে সিজারে জন্ম নিল ৩ যমজ সন্তান , মা ও নবজাতকরা সুস্থ

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এক প্রসূতি একসঙ্গে তিনটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া দুই ছেলে ও এক মেয়ে- তিন নবজাতকই সুস্থ রয়েছে। প্রসূতির শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড় শহরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই প্রসব সম্পন্ন হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের জগিগঞ্জ গ্রামের কাপড় ব্যবসায়ী রুবেল রানার স্ত্রী শিউলি আক্তার (২৬) শনিবার রাত ১১টার দিকে প্রসববেদনায় আক্রান্ত হন। পরে দ্রুত তাকে মাইক্রোবাসে করে পঞ্চগড় শহরের দেশ ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে সিজারিয়ান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, শিউলি আক্তারের গর্ভকাল ছিল ৩৭ সপ্তাহ এক দিন। যেকোনো ঝুঁকি এড়াতে সিজারিয়ান ডেলিভারি করা হয়। জন্ম নেওয়া কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলে শিশুর ওজন যথাক্রমে ২ কেজি ৩০০ গ্রাম ও ২ কেজি ২০০ গ্রাম।

পারিবারিক বলছে, প্রায় চার বছর আগে রুবেল রানা (৩২) ও শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর একবার একই সাথে তিন সন্তান গর্ভধারণ হলেও সে সময় গর্ভে এক সন্তান ও জন্মের পর অপর দুই সন্তান মারা যায়। দীর্ঘ ২০ মাস পর আবার গর্ভধারণ করেন শিউলি আক্তার। গর্ভধারণের শুরুতে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দুটি যমজ সন্তানের কথা জানা গেলেও পরবর্তী নিয়মিত পরীক্ষায় গর্ভে তিনটি যমজ সন্তানের উপস্থিতি নিশ্চিত হয়। পুরো গর্ভকালজুড়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন তিনি।

নবজাতকদের জন্মের পর পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিন নবজাতক ও শিশুগুলোর মা সম্পূর্ণ সুস্থ রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. আমির হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১২টায় দেশ ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশু জন্ম গ্রহণ করে। আল্লাহর অশেষ রহমতে শিশু এবং তাদের মা সুস্থ্য রয়েছে। তবে দীর্ঘ একটা সময় পর একসাথে অপারেশনে তিন শিশুর সুস্থ্য জন্ম গ্রহণ করাতে পেরে চিকিৎসক হিসেবে খুব ভালো লাগছে।

You may also like