
স্টাফ রিপোর্টার : ভোটের আগে বা পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসুভয় পান ভোট দিতে যাবো গোলমাল না হয়। ভোট দিয়ে ফিরে আসবো সেসময় যাতে গোলমাল না হয়।
তিনি বলেন, আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই- ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোন গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।
আপনারা এদেশের নাগরিক, এদেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।
মির্জা ফখরুল বলেন, আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের কোন কাজ হবে না।
মির্জা ফখরুল বলেন, অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেয়া হতো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে কোন কাজের জন্য টাকা দিতে হবে না। সেই সাথে সমস্ত রকমের সন্ত্রাস বা দূর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেনাই। তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।