Home » কারাবন্দি প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন মারা গেছেন

কারাবন্দি প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন মারা গেছেন

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : সাবেক পানিসম্পদমন্ত্রী, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান জানান।

৮৬ বছর বয়সী আওয়ামী লীগের সাবেক এই সভাপতিমণ্ডলীর সদস্য ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী সময়ের মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, রমেশ চন্দ্র সেন সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে সকাল ৯টা ১০ মিনিটে হাসপাতালে আনা হয়। ৯টা ২৯ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলম টুলু বলেন, রমেশ চন্দ্র অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, নানা রোগে ভুগছিলেন। সেই অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে দিনাজপুর জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৯৭ সালে উপনির্বাচনে প্রথম ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন।

মামলার বরাতে পুলিশ জানায় গেছে, ২০২৪ সালের ১৬ অগাস্ট ঠাকুরগাঁও সদরের রামনাথ এলাকার বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে হত্যাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। পরদিন ১৭ অগাস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

You may also like