২০৬

আব্দুল্লাহ আল সুমন : ড. মুহম্মদ শহীদ উজ জামান তাঁর মেধা ও যোগ্যতায় ইএসডিওকে একটি বৃহৎ ও শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা ইএসডিও’র প্রধান কার্যলায় প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইএসডিও’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ড. মুহাম্মদ শহীদ উজ জামান তাঁর মেধা ও যোগ্যতার মাধ্যমে ইএসডিওকে একটি বৃহৎ ও শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। সংস্থাটি ঠাকুরগাঁওয়ে মানসম্মত স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছে এবং হাসপাতাল গড়ে তুলে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, ইএসডিও সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ঠাকুরগাঁও জেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের আগে ঠাকুরগাঁওয়ে এসে বলছিলেন- কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, গতকাল দেখেছেন কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সুতরাং আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ধর্ম, বর্ণ, গোত্র সবকিছুকে একত্রিত করে, সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদের জাতি গঠনে এগিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে কোনদিনি হার মানিনী, হার মানবোও না। তাই একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায়, নব্বই, বায়ান্ন ও সবশেষে চব্বিশের জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাবো।
তিনি বলেন, আসুন আজ ইফতারের পূর্ব মুহুর্তে পরম করুনাময় আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাই – আল্লাহ তায়ালা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে একটা জনকল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে পারি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহ সহ ঠাকুরগাঁও জেলাসহ আশপাশের জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।